হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
হাইমচর টাইম স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল
……………………………………

চাঁদপুরের হাইমচর উপজেলায় পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ। দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সারাদিনের কঠোর পরিশ্রম শেষে বাসা-বাড়িতে ফিরে একটু শান্তিতে ঘুমানোর উপায়ও নেই গ্রাহকদের। তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের কষ্ট চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, লোডশেডিংয়ের কারণ জানতে হাইমচর পল্লী বিদ্যুৎ অফিসে গেলে বা লাইনের দায়িত্বে থাকা লাইনম্যানদের ফোন দিলে তাদের একটাই মুখস্থ জবাব – **”৩৩ কেভি লাইন নেই”**।

গতকাল রাত ১টা বাজেও উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। বিদ্যুতের অভাবে পানির মোটর চালানো যাচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে এবং শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে হাইমচর টাইম অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল হাইমচর পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বরত লাইনম্যানকে অবগত করলে তিনি একই সুরে বলেন, “৩৩ কেভি লাইনে সমস্যা, লাইন নেই। রাতে আসতে পারে, না আসলে সকালে আসবে।” তার এমন দায়সারা মন্তব্যে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন, লোডশেডিং হলেই যদি ৩৩ কেভি লাইন না থাকে, তাহলে এর স্থায়ী সমাধান কবে হবে? এই দুর্দশার শেষ কোথায়? হাইমচরের জনগণকে এর সঠিক জবাব কে দেবে?

এই অসহনীয় লোডশেডিং থেকে মুক্তি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হাইমচর পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।