হাইমচর চাঁদপুর প্রতিনিধি)
মোঃ মনির (হোসেন হাফেজ ছৈয়াল)
…………………

চাঁদপুরের হাইমচর উপজেলাকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে হাইমচর থানা প্রশাসনের উদ্যোগে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা “মাদককে না বলুন”, “কিশোর গ্যাং মুক্ত সমাজ চাই” স্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান।

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“চরভাঙ্গা সহ হাইমচরের কোথাও মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাংয়ের ঠাঁই হবে না। মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়, আর কিশোর গ্যাং আমাদের স্কুল-কলেজ পড়ুয়া সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। হাইমচর থানা পুলিশ মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাঠে নেমেছে। যারা গ্যাং কালচার তৈরি করে ত্রাস সৃষ্টি করছে, তাদের তালিকা আমাদের হাতে আছে। আমি অভিভাবক ও শিক্ষকদের বলব, আপনার সন্তান ও ছাত্ররা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, মোবাইলে কি করছে, কার সাথে মিশছে – এখনই খোঁজ নিন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সরদার। তিনি বলেন, “মাদক ও কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে যুব সমাজকে বাঁচাতে হলে পুলিশের পাশাপাশি আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। থানা প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

আরও বক্তব্য রাখেন হাইমচর থানার এসআই মোঃ ফারুক। তিনি বলেন, “আমরা প্রতিটি ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। ইতিমধ্যে অনেককে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, হাইমচর প্রেসক্লাব ও হাইমচর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।