স্টাফ রিপোর্টার >
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
………………………
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে গাজীর বাজারের পূর্ব দিকে কে.ভি.এন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে তিন রাস্তার মোড়টি বর্তমানে ‘খেজুর গাছতলা’ নামে সবার কাছে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই স্থানটি এখন একটি জনপ্রিয় স্পটে পরিণত হয়েছে।
রাস্তার দুই পাশে বিস্তীর্ণ বিল, খোলা আকাশ আর বিকেলের মৃদু বাতাসে জায়গাটি এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। তাই প্রতিদিন বিকেলে অনেকেই এখানে ঘুরতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন।
তবে এই সৌন্দর্যের আড়ালেই বাড়ছে জনমনে উদ্বেগ।
এই একই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত কোমলমতি শিক্ষার্থী। এর মধ্যে রয়েছে কে.ভি.এন উচ্চ বিদ্যালয়, ১নং বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজীর বাজার নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসা।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে দূর-দূরান্ত থেকে কিছু বখাটে কিশোর এখানে এসে স্কুল চলাকালীন সময়ে আড্ডা দিচ্ছে এবং স্কুল-কলেজগামী ছাত্রীদের বিভিন্নভাবে উত্যক্ত করছে। বিষয়টি একাধিকবার স্থানীয়দের নজরে এসেছে এবং অনেকেই তাদের শাসিয়েও দিয়েছেন। ফলে সুন্দর এই জায়গাটি এখন অনেকটা আড্ডাখানায় পরিণত হয়েছে।
এরই মধ্যে ফেসবুকে দেখা যায়, ঠিক এই স্থানটিতে ‘বিকেলবেলা’ নামে একটি চায়ের দোকান দেওয়ার প্রস্তুতি চলছে।
এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে চায়ের দোকান স্থাপন কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন এলাকাবাসী। এটি কোনো বাণিজ্যিক এলাকা নয়, এটি শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান সড়ক। এখানে দোকান হলে আড্ডা আরও বাড়বে এবং ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাই এই স্থানে এ ধরনের দোকান স্থাপন না করার জন্য এলাকাবাসী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করছি।